মহিপুর থানার অভিযানে তিন নারী আটক, পেনাল কোডের ২৯০ ধারায় মামলা
- আপডেট সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকার পাঞ্জুপাড়া এলাকায় জনশৃঙ্খলা পরিপন্থী ও বিরক্তিকর কর্মকাণ্ডের অভিযোগে তিন নারীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহিপুর থানার এসআই আবু হানিফ ফরাজীর নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলের সামনের সড়ক থেকে তিন নারীকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।
আটককৃতরা হলেন পারভীন বেগম (৩৮), সানজিদা আক্তার রোজি (২৬) ও নিপা (৪০)।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু নারী বিভিন্ন ব্যক্তিকে নানা প্রলোভন দেখিয়ে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়াতে উৎসাহিত করছিলেন। এতে এলাকার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট অনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়নি। তবে জনসাধারণের বিরক্তিকর কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে পরিচালিত অভিযানে তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

















