কলাপাড়ায় বলি মহিষের হামলায় কৃষক নিহত
- আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ গোয়ালের বলি মহিষের হামলায় তোফাজ্জেল মোল্লা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে উপজেলার চাকামইয়া ইউপির গামুরবুনিয়া গ্রামের গামুরবুনিয়া বিলে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাজাহান মোল্লার ছেলে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম জানান, তাদের গোয়ালে ৮ টি মহিষ পালন করেন তারা। এর মধ্যে একটি বলি মহিষও রয়েছে। দুর্ঘটনার সময় তার ভাসুর বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বলি মহিষটি তোফাজ্জেল মোল্লাকে আক্রমাত্মক হামলা চালায়।
তবে হামলার সময় আসেপাশে কোন লোকজন না থাকায় তাকে কেউ উদ্ধার করতেও পারেনি। ফলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর ফকির বলেন, তার নিজ গোয়ালে পালিত বলি মহিষের আক্রমণেই মৃত্যু হয়েছে। তিনি বলেন, তোফাজ্জেলের শরীরে একাধিক স্থানে মহিষের সিংয়ের আঘাতের বড় বড় ক্ষত চিহ্ন রয়েছে।
বিষেশ করে দুই পাশে খাঁচায় ভয়াবহ কাটা দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে হামলায় ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে তার। পরে অন্য কৃষকরা বিলে গরু আনতে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে স্বজনদের ডাকে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিজের পালিত মহিষের হামলায় কৃষক তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে এটা আমরা নিশ্চিত হতে পেরেছি। তার আনুমানিক বয়স ৪০ এর কাছাকাছি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।









