পৌরসভার অপেক্ষা নয়, জনস্বার্থে এগিয়ে এলেন রিমন সিকদার; সংস্কার হলো শহরের খানাখন্দক সড়ক
- আপডেট সময় : ০১:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কের খানাখন্দক ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী আবুল হাসনাত রিমন সিকদার।
বর্ষা মৌসুম শুরু হওয়ার পর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হওয়া অসংখ্য খানাখন্দকে পানি জমে যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। বিশেষ করে রিকশা, অটোরিকশা, ভ্যান, পিকআপ, ট্রলি ও পণ্যবাহী ট্রাক চলাচলে সমস্যা তৈরি হয়।
এ অবস্থায় নাগরিকদের দাবির মুখে রিমন সিকদার নিজের উদ্যোগে সড়ক সংস্কারের কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরসভার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে খানাখন্দকের কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটার পাশাপাশি পথচারীদেরও ভোগান্তি বাড়ে।
রহমতপুর এলাকার রিকশাচালক মানিক বলেন, খানাখন্দকের কারণে প্রতিদিনই যাত্রী নিয়ে চলাচল করতে কষ্ট হতো। রিমন সিকদার ব্যক্তিগতভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা উপকৃত হয়েছি।
নতুন বাজার এলাকার ব্যবসায়ী রাকিবুল সিকদার বলেন, পণ্য পরিবহনে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল। এখন যানবাহন সহজে চলাচল করতে পারছে। এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই।
স্থানীয় বাসিন্দা কাদের বাবু বলেন, রিমন সিকদার সবসময় সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সক্রিয়। নাগরিক সমস্যার সমাধানে তার এই উদ্যোগ প্রশংসনীয়।
কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, সড়ক সংস্কারের বিষয়টি আমাদের নজরে ছিল। এরই মধ্যে রিমন সিকদার ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছেন। নাগরিক স্বার্থে এমন উদ্যোগ অবশ্যই ইতিবাচক।
হাজী আবুল হাসনাত রিমন সিকদার বলেন, নাগরিকদের দুর্ভোগের কথা শুনে নিজের ইটভাটা থেকে কয়েক ট্রাক ইট এনে সড়কের খানাখন্দক ভরাট করেছি। মানুষের সেবায় ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।
স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে একজন নাগরিকের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ শহরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ কমাতে দ্রুত স্থায়ী সংস্কার কার্যক্রম গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।














