কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- আপডেট সময় : ১২:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম মোল্লা (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে বাম পায়ের হাটুর নিচের দুই স্থান ভেঙ্গে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া চাপাতি দিয়ে কুপিয়ে ডান পায়ের গোড়ালি গুরুতর জখম করা হয়। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। শাহআলম মোল্লা বালিয়াতলী ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
গুরুতর আহত শাহআলম মোল্লা বলেন, কয়েকদিন আগে তিনি ৮৩ শতাংশ জমি বিক্রি করেছেন এবং শনিবার বিকালে জমির বায়না বাবদ ক্রেতার কাছ থেকে ৫ লাখ টাকা নেন। এসব টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় পেছন থেকে স্থানীয় প্রভাবশালী রুমান, দীন ইসলাম, ইদ্রিস ও তহিদ নামের তিনজন কাঠের চলা (লাঠি) ও চাপাতি দিয়ে তাকে এলোপাথারি মারধর শুরু করেন। এতে তার বাম পায়ের হাটুর নিচের দুই স্থান ভেঙ্গে যায় এবং ডান পায়ের গোড়ালিতে ব্যাপক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন।

বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশনায় তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে বাম পায়ের হাটুর নিচের দুই স্থান এবং ডান পায়ের গোড়ালির অবস্থা গুরুতর। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল রেফার করা হয়েছে।
বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার বলেন, আমি ব্যক্তিগত কাজে কলাপাড়াতে ছিলাম এ বিষয়ে আমি কিছু জানিনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা আছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।


















