পটুয়াখালী-৪ আসনে নব নির্বাচিত সংসদ এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩০ বছর পর পটুয়াখালী-৪ আসনে প্রায় ৫৩ হাজার ভোটে বিজয়ী এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রীসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলাপাড়া নাগরিক সমাজ।
রবিবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ আবেদন করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন।
লিখিত বক্তব্যে বলেন, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে পটুয়াখালী-৪ আসনে তিনটি থানা, দুইটি পৌরসভার প্রশাসনিক কাঠামো নিয়ে বাংলাদেশের অন্যতম এবং বরিশাল বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনে রয়েছে শের-ই-বাংলা নৌঘাটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিদ্যুৎ প্লান্ট, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম। এই জনপদকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি শতভাগ সফলকাম হবেন এবং এলাকার উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন হবে।
সংবাদ সম্মেলনে আরও বলেন, বিগত ৫ আগষ্টের পর কলাপাড়া ও রাঙ্গাবালী জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিতে এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে গোটা জনপদের মানুষের বাড়িসহ বিভিন্ন ধরনের অবকাঠামো রক্ষায় শতভাগ সফলকাম হয়েছেন। আগামীতে তিনি মন্ত্রী সভায় স্থান পেলে এ দুর্যোগ কবলিত সাগর উপকূলের এ জনপদ উন্নয়ন সিঁড়িতে উঠতে পারবে বলে আশা করেন।
লিখিত বক্তব্যে আরও বলেন, তৃণমূল থেকে ছাত্র রাজনীতির সফল নেতৃত্ব দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নেওয়ায় এবিএম মোশাররফ হোসেনের বিএনপিতে রয়েছে বিশেষ ভূমিকা। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ স্নেহভাজন থাকায় তাঁর কাছে এই জনপদের উন্নয়নের গোড়াপত্তন করার সুযোগকে তিনি কাজে লাগিয়েছেন। তাঁর যোগ্যতায় কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের গোড়াপত্তন হয়েছে। হলিডে হোমস নামের ভবনকে প্রতিষ্ঠা করেছেন। পর্যটন পল্লী গঙ্গামতি পর্যন্ত বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করেছেন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আস্থাভাজন হওয়ায় এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী সভায় স্থান করে দিবেন বলে আমরা শতভাগ বিশ্বাস করি। তাই এই গুরুত্বপূর্ণ জনপদকে আলোকিত জনপদে পরিণত করতে তাকে মন্ত্রিপরিষদের সদস্য করার জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে কলাপাড়া নাগরিক সমাজ’র সমন্বয়কারী ইয়াকুব খান, সদস্য আব্দুল জলিল, তানজিল জামান জয়সহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নোওর পর্বে অংশ নেন, সাংবাদিক মো.এনামূল হক, চঞ্চল সাহা, দৈনিক খোলা কাগজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো.সোলায়মান পিন্টু, মো.রফিকুল ইসলাম মিরাজ, গ্রিন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো.মাসুদ তালুকদার ।
শেষে প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু’র সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সংবাদ সন্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।










