গুলিবিদ্ধ ওসমান হাদীর গ্রামের বাড়িতে বাসায় চুরি
- আপডেট সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহলে মাওলানা আব্দুল হাদীর ছেলে গুলিবিদ্ধ ওসমান হাদীর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্র কাঠের জানালা ও গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ টাকা, সোনার গহনা ও বিভিন্ন মালপত্র নিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ওসমান হাদী ঢাকায় গুলিবিদ্ধ হলে তার স্বজনরা চিকিৎসার খোজখবর নিতে রাজধানীতে যায়। এ ঘটনার পর পরিবারের সদস্যরা সব ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। ধারণা করা হচ্ছে, এই সুযোগকেই কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটায় চোরের দল।
প্রতিবেশীরা জানান, সকালে কাঠের জানালার কাঠ ও গ্রিল ভাঙা অবস্থায় এবং ঘরের ভেতর এলোমেলো জিনিসপত্র দেখে চুরির বিষয়টি ধরা পড়ে। পরে তাদের এবং নলছিটি থানা পুলিশকে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে।এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চুরি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।









