কলাপাড়ায় পৃথক অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দুটি অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিয়াখালী-ছোনাউটা কাঁচা সড়কে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মোঃ মাহাবুব প্যাদা (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনার আমতলী উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার সুগন্ধা রোডে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮৮৫ টাকাসহ মোঃ মিজানুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকার বাসিন্দা এবং নাচনাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
কলাপাড়া থানার পুলিশ জানায়, পৃথক ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।










