তজুমদ্দিনে বজ্রপাতের ভয়াবহ আঘাত, নিহত কৃষক
- আপডেট সময় : ০৭:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ভোলার তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে নজরুল ইসলাম মনজু (৫৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার চাঁদপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনার বুকে জেগে ওঠা বাসন ভাঙ্গা চরে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মনজু চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত বদিউজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মনজু বাসন ভাঙ্গা চরে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
পরে পাশের জমিতে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে কৃষক নজরুল ইসলাম মনজুর মৃত্যুর ঘটনায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে তজুমদ্দিনের বিস্তীর্ণ চরাঞ্চল ও কৃষিজমিতে কৃষকদের মাঠে কাজ করতে হয়। ফলে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা কৃষকেরা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকেন। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বজ্রপাত সহনশীল তালগাছ লাগানোর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।









