আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর
- আপডেট সময় : ১১:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর
পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য বাবার কাছে এক লাখ টাকায় বিক্রি হয়ে যাওয়া দেড় বছরের শিশু মুসাকে উদ্ধার করে তার দাদা-দাদির কাছে ফিরিয়ে দিয়েছে প্রশাসন।
সোমবার রাত ১২টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসানের উপস্থিতিতে শিশুটিকে তার দাদা মফিজ মুন্সী ও দাদি মাহফুজা বেগমের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ সময় শিশুটির বাবা মারুফ মুন্সী এবং শিশুটিকে কিনে নেওয়ার অভিযোগ থাকা ইমরান হোসেনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের কাঠমিস্ত্রি মারুফ মুন্সী ঢাকার সাভার এলাকার বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করেন। আড়াই বছর পর তাদের ঘরে মুসার জন্ম হয়। প্রায় এক মাস আগে দাম্পত্য কলহের জেরে বৃষ্টি বাবার বাড়িতে চলে যান। এরপর কিছুদিন পর মারুফও ঢাকায় চলে যান।
গত শুক্রবার সন্ধ্যার আগে মারুফ বাড়িতে ফেরেন। পরদিন শনিবার সকালে ঘুরতে যাওয়ার কথা বলে দেড় বছরের শিশু মুসাকে সঙ্গে নিয়ে আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে যান। সেখানে এক লাখ টাকার বিনিময়ে লিখিতভাবে শিশুটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও পুলিশের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়েছে। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নামে একটি ব্যাংক হিসাব খোলাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।









