কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন
- আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ নয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। এ উপলক্ষে বুধবার সকাল আটটায় ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া এই উপজেলার ইটবাড়িয়া,নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া,লালুয়া, ফুলতলী ও দক্ষিণ দেবপুর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। শিশু থেকে বয়স্করা একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই জনগোষ্ঠি আগাম ঈদ পালন করে আসছেন। জানা যায়, এসব পরিবারে সদসরা সৌদি আরবের চাঁদ এবং সৌদি মুসলিমদের অনুকরণ করেই দীর্ঘ ১৫ দশক যাবৎ ঈদ- কোরবানি উদযাপন করে আসছেন।
আগাম ঈদ উদযাপনকারী এসব মানুষের ভাষ্যমতে তারা ভুল নয়, বরং সঠিক সময়ই তারা ঈদ পালন করছেন। হজ্জের শেষে পশু জবেহ করাই সঠিক নিয়ম হিসেবে মানেন তারা।
এবিষয়ে নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস মনে করেন, আজ ঈদুল আজহা উদযাপন ভুল নয় বরং সঠিক নিয়মেই পালন করছেন তারা। তিনি বলেন, অনেক গণমাধ্যমে সংবাদপ্রচার হয় একদিন আগেই ঈদ পালন করি আমরা। মূলত হজ্জের শেষে কোরবানি করা হয়। এবং এটাই স্বাভাবিক নিয়ম।
তিনি বলেন, প্রতিবছর সারা পৃথিবীতে চাঁদ দ্যাখে,সৌদি আরবও চাঁদ দেখেই ঈদ,কোরবানি পালন করে। আমরাও করি। সেখানে একদিন আগে বলতে কোন কিছু নেই।









