কলাপাড়ায় নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ল আরও ৫ দিন
- আপডেট সময় : ০২:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে প্রশিক্ষণ কার্যক্রম আরও ফলপ্রসূ করতে এর মেয়াদ পাঁচ দিন বাড়ানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগমের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষক রিসোর্স সেন্টারের (ইউআরসি) হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণের ব্যানারে ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কার্যক্রমের সময়সূচি উল্লেখ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদানের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি শিশুদের সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ ও মানবিক গুণাবলি বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউআরসি ইন্সট্রাক্টর ইউনুসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম বজলুল করিম, সহকারী উপজেলা কর্মকর্তা দীপশিখা জয়ন্তী ও নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক হাসানুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান বশিরসহ কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দরা।
সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক জি এম সবুজ।
প্রশিক্ষণে প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক, কার্যকর পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক আচরণ, পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। এসব বিষয়ের মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের প্রস্তুতি, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগমের মাধ্যমে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত সময়ে প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
শিক্ষার মানোন্নয়নে দক্ষ, আন্তরিক ও প্রশিক্ষিত শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।















