কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত, আহত তিন
- আপডেট সময় : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক নামে সত্তোরোর্ধ এক পথচারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তিনজন।
এ ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাখিমার মাধ্যমিক বিদ্যালয় এলাকায়। নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পাখিমারা বাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল নিখিল ভৌমিক কে সড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আরও একজনকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত ডাক্তার নিখিল কে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক সজিব,আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইসমাইল বলেন, সজীবকে নিয়ে মোটরসাইকেল যোগে পটুয়াখালী হাসপাতালে এক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে কুয়াকাটার উদ্দেশে বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে রাস্তার একপাশ থেকে অন্যপাশে যেতে এক পথচারী দৌড় দেয়। ওই পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেক পথচারী গায়ে ধাক্কা লাগে। তখন মোটরসাইকেল ছিটকে সড়কের পাশে পড়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।















